শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

আলু

অতঃপর মহর্ষি বৈশম্পায়ন কুটিরে জন্মেজয় কে কহিলেন,শুনিয়াছি কলিযুগে আলু র বড়ই বড়াই হইবে,শ্রবনমাত্র এই প্রজাতি সম্পর্কে বড়ই ইন্টারেস্টেড হইতেছি,যদি বিশদে বলেন। শুনিয়া জন্মেজয় আলু উপাখ্যান শুরু করিলেন। জন্মেজয় কহিলেন,কলিযুগে আলু বড়ই প্রখ্যাত হইবে,গুনে বা দোষে ইহার তুল্য চিজ কেহই হইবে না। রবীনার বদলে ইহাকে অক্ষয় "মস্ত মস্ত" কহিলে অবাক হইবেন না। যাহা হউক,আলুর গুনকীর্তন করি,মন দিয়া শ্রবন করুন।
কলিযুগে আলু পলিটিকালি কারেক্ট থাকিবে,যদ্যপি কেহ কেহ ইহাকে বামপন্থী বলিয়া ভুল করিবে। বৈশম্পায়ন যৎপরোনাস্তি আশ্চর্য হইয়া বলিলেন,সামান্য সবজি রাজনৈতিক হইবে কি প্রকারে! জন্মেজয় কহিলেন,রাঙা আলুর বহিরঙ্গের লালিমা ও আলুর নামে জ্যোতি দেখিয়া সরকার পক্ষ ইহাকে কমুনিজমে দোষী সাব্যস্ত করিবে,ও ইহা দর বাড়াইতে থাকিবে।
এছাড়াও সে কালে আলু ক্রমে খাদ্যের আত্মা রূপে প্রকট হইবে,পোস্তর সাথে,পটোলের দোলমার সাথে, বরবটি প্রভৃতি র সাথে এভাবে মিশিবে যাহাতে উহাকে বাদ দিলে তরকারী মৃতবৎ হয়। আলু কোলেস্টেরল রূপে মধ্যবয়সী দাদা কে,সুগার রূপে ঠাকুমা কে, ফ্যাটের ভ্রম রূপে ঝিঙ্কু মামনীকে ও দোষ রূপে টিন এজারের আতঙ্ক হইবে।
তথাপি কমন পাবলিক আলুকে ছাড়িতে পারিবে না, কলিকালে চিপস বলে এক বস্তু আসিবে যাহাতে পাবলিক হাওয়া কিনিবে ক্রেডিট কার্ড সোয়াইপ করিয়া। বৈশম্পায়ন এর ভ্রুকুটি দেখিয়া কেস খোলসা করিয়া জন্মেজয় বলিলেন,আলুকে গোল করিয়া কাটিয়া ভাজিয়া সইফকে দিয়া প্রমোট করাইয়া এক প্যাকেট ভর্তি হাওয়ার সাথে দুইখানি চিপস ফ্রি দিয়া বিক্রি করিবে পুঁজিপতিরা, স্টেটাস দেখাইতে জনতা তাও কিনিবে গিলিবে,ঠকিবে,খিস্তি প্রদানপূর্বক আবার উহাই কিনিবে। সুকুমার রায় নামক লেখক আলু ও আলুবখরার তুলনা টেনে জনপ্রিয় পাঞ্চলাইন বানাইবেন ও শিবরাম কাঁদালুর কান্ডে খ্যাতিবৃদ্ধি করিবেন। তবে আলু পৌরুষ প্রমানের বড় মাধ্যম হইবে। বৈশম্পায়ন বলিলেন,কিরূপ? জন্মেজয় বলিলেন, শিক্ষকেরা ছাত্রদের মাথায় গাঁট্টা মারিয়া আলু তুলিলে তাতে তিনি দুর্দম প্রমানিত হইবেন। ক্যাবলা পুরুষরা আলুভাতে বলিয়া ক্যাল খাইবেন। তবে আলু নানাবিধ উপকারে আসিবে,সিদ্ধ রূপে মাছকে রিপ্লেস করিয়া বিধবা পিসিকে, মাখা রূপে হঠাৎ বাড়িতে আসা আত্মীয়কে, চোখা রূপে বিহারীকে ও দম রূপে রেস্টুরেন্টের তৃপ্তির বিধান করিবে। অর্থাৎ কলিকালে আলু অবধ্য,আপনি রনবীর দীপিকার বিবাহ উপেক্ষা করিতে পারেন কিন্তু ইহাকে উপেক্ষা করিতে পারিবেন না। জিমপ্রবণ মনুষ্য ডায়েট প্ল্যান নামক চক্রব্যূহে ইহাকে হত্যার প্রকল্প করিবেন,অচিরেই "আজকে ব্রেক" নামক অবতারে ফুচকার মধ্যস্থ,পরোটার মধ্যস্থ আলুর অবতারের হাতে নাস্তানাবুদ হইবেন ও ভুঁড়ি বাগাইবেন। এতেও যারা অবধ্য হইবেন,তারা রবিবারের পাঁঠার ঝোল নামক পয়গম্বরের হাতে সর্বস্ব উজাড় করিয়া ল্যাদ নামক লোকে চলিয়া যাইবেন...

বৈশম্পায়ন কপালে হাত ঠেকাইয়া বলিলেন,এই অসামান্য আখ্যানের পর,আসুন করজোড়ে এই আলুর স্তব করি...

কোন মন্তব্য নেই: