আমার তশরীফ শিশুর মতো লাজুক...
ছোট্ট শিশু কাব্যি বলতে শিখলে, আত্মীয়ের বাড়ি গিয়ে কিস্যু বলতে চায় না, লজ্জায় মাথা নামিয়ে থাকে,দাঁতে নখ কাটে, পায়ের আঙুলে মাটিতে আঁচড় কাটে কিন্তু কিছুতেই 'ট্যুইংকেল টুইংকেল' বলে না...আমার তশরীফও, আত্মীয়ের নতুন কমোডে মুখ খোলে না...জন্ম ইস্তক শেখানো কাজ, যত অনুনয় করে বলি,"দ্যাখ দ্যাখ, তাকিয়ে দ্যাখ, নতুন কাকু, ইয়ে মানে নতুন কমোড, চকোলেট দেবে, একটু, যাস্ট একটু...পারবি, আচ্ছা আমরা কেউ তাকাচ্ছি না... রডে ঝোলানো গামছা, জলভরা গাড়ু, সবুজ বালতি সব্বাই অন্য দিকে তাকিয়ে দ্যাখ, এইবারে, একটু করে দাও, কাকু গুড বলবে..."
কিন্তু তিনি লজ্জায় মুখ খোলেন না..."
আমার হয়েছে জ্বালা, দার্জিলিং হোক বা দুমকা, লোকে হোটেলের ভিউ এর জন্য রিভিউ দ্যাখে, আমি দেখি কমোডের রং...গোলাপি রঙের কমোড উনি এক্কেবারে পছন্দ করেন না, সাদা রঙের ভালো, তবে পাশে জলের দাগ, শ্যাওলার রঙ টাও ম্যাটার করে...একবার তো আমার বাড়ির বাথরুমের শ্যাওলার রঙের সাথে মেলেনি বলে আগ্রার ট্যুর ক্যানসেল করতে হলো...আরে দাদা তাজমহল ভালো, কিন্ত সেখানের হোটেলের শ্যাওলা গুলো বেশি ডার্ক সবুজ...মিললো না...একবার তো সাদায় অরেঞ্জ রঙ দেখে চমকে কোলে উঠে পড়েছিলো...যত বোঝাই, এখানে জলে আয়রন বেশি, ওটা জং এর দাগ...সে গোঁসা করে বসে রইলো...
মাঝে মাঝে মনে হয়, এটা তশরীফ না ব্রিটনি স্পিয়ার্স??এত্ত ট্যানট্রাম...এর জন্য আত্মীয়দের সাথে সামাজিকতা রাখা যাচ্ছে না, নিজের বাড়ির মেঝেতে এত জল জমে থাকে যে ডলফিনরা এসে টুকি টুকি করে যায়, অথচ পিসি মাসি রাঙাখুড়ো নজ্যেঠির বাথরুমের মেঝে ভিজে থাকলে এমন করে তাকায় যেন দিদি আর এস এস জয়েন করেছে...ওর বাথরুমে আলো কম, এর বাথরুমে মগ ভাঙা, ওর বাথরুমে হড়কে গেলাম, হাজার হাজার বায়না...ফলাফল, মুখ টিপে বসে থাকা...পরিচিতের বাড়ি গেলেই তাই মাটন , চিকেন, চপ , শিঙাড়া দেখে বিরস মুখে বলি...আমার পাতলা করে ঝোল, ডায়েট করছি কিনা...আসল কারন...তশরীফ, বাথরুমে থেকে কাজ করতে পারছে না...
অথচ আমাদের বাথরুম জুড়ে শ্যাওলাদের সুন্দরবন, ময়লাশ্রী এওয়ার্ড পাবে...অর্ধেক দিন ফ্ল্যাশ খারাপ, বালতি করে জল ভরে ঢালতে হয়, একজন ঢুকে পড়লে বাইরে থেকে গিনি গাঁ গাঁ করে চিতকার করে,"আর কতক্ষণ, মোবাইল টা নিয়ে ভিতরে কি করছো" অথচ তখন তিনি চমকে যান না, অচেনা বাথরুমে যিনি তোয়ালে পড়ার আওয়াজে চমকে যান, মুখ টিপে বসে থাকেন...বাড়িতে এলে তার কি ফুর্তি...সাত দিন কোথা থেকে ঘুরে এসে বাড়ির বাথরুম দেখে তার রি একশান, যেন কাজল আর শারুখ, যেন ভোট আর কুৎসা যেন নিউজ চ্যানেলের ঝগড়া, একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ...
বাইরে মুখ টিপে বসে থাকা লাজুক তশরীফের বাড়িতে হম্বিতম্বি দেখে মনে হয়, বাড়ির বাথরুমে সাইলেন্সার লাগাতে হবে...!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন