শুক্রবার, ৫ মার্চ, ২০২১

ফ্লাইটকথন

ফ্লাইটে আপনি কেন চাপেন?

দ্রুত পৌঁছাতে? জানলা দিয়ে মেঘকে টুকি করতে? আমাদের বাড়ির লোক প্লেনের বাথরুম দেখতে ফ্লাইটে যায়।

এমনিতে আমরা বনেদী পেটপাতলা, রেলের লাইন থেকে বর্ধমান স্টেশান, মায়াপুরের মন্দির থেকে চাঁদসী ঔষধালয়,সর্বত্র বাথরুম দেখলেই টুকি করে আসি,তবে ফ্লাইটের টা অন্য। ওইটা নিছক কৌতুহল। মানে প্লেনের ছিটকিনি আমাদের মতো ভাঙা কিনা, ওখানেও ট্রেনের মতো শিকল দেওয়া মগ আছে কিনা, অত উপরে করলে পড়ে কার মাথায়,ইত্যাদি নানাবিধ গবেষনা করতে মা ফ্লাইট আকাশে চাপতেই বলে বসলো, "যাই,টুক করে বাথরুম টা দেখে আসি,পরে কবে আবার চাপবো জানা নেই"।

ভাবুন,একটা বাথরুম দেখার জন্য এত দিন আগে থেকে,এত দাম দিয়ে টিকিট কেটে এত সিকিউরিটি  চেক করে প্লেনে বসেছি। এর আগে মায়ের সাথে টেনশান এমন করে লেপ্টে ছিলো,যেন ভোট আর দলবদল। ফ্লাইটে চাপার আগে বাসে করে রানওয়ে তে যাবে, মা আঁতকে উঠলো," সেকি,বাসে কেন? টিকিটের দাম ফেরত দেবে?বাসে করে নিয়ে যাচ্ছে যে?ও এটা করে প্লেনের কাছ অব্দি নিয়ে যায়?ভাড়া দিতে হবে নাকি আবার? গতবার যে হেঁটে গেলাম"

বাবা তার মধ্যে বার চারেক মাস্ক নামিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে জানতে চেয়েছে আমার চরিত্রহীনতা কোন পর্যায়ে পৌঁছে গ্যাছে,যে একজন সুন্দরী মহিলা দেখে আমি ল্যা ল্যা করে সব ব্যাগ চেক করিয়ে আর ফেরত নিই নি। আবার, "ব্যাগগুলো নিলি না" বলে চেঁচিয়ে লাইনশুদ্ধ লোককে হার্ট অ্যাটাক করাবার উপক্রম করাতে আমি যে দাবড়ানি দিয়ে চুপ করিয়েছি তাতে বাবার স্থির ধারনা হয়েছে ওই প্লেনের টিটি মহিলার সাথে আমার চক্কর আছে। গোটা রাস্তা বলতে বলতে এসেছে,"ওই মেয়েটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে ব্যাগগুলো কোথায় গ্যালো খেয়াল করেনি অকর্মার  ঢেঁকি"।

এইসব সহ্য করে,চোখ কান বুজে শাহরুখ পোজে দাঁড়িয়ে ছিলুম,কারন,এক এয়ারপোর্ট সবকো শাহরুখ খান বানা দেতা হ্যায়। দুই হাত দু দিকে ছড়িয়ে বগলমে মেটাল ডিটেকটার কা সুড়সুড়ি সহ্য করনা পড়তা হ্যায়...

শুধু আমার বাড়ির লোক শাহরুখ হয় না,তারা বলে চলে, "ওই মহিলা মাস্ক পরেনি...ওই কফির দাম দেড়শো,ওরেব্বাপ্রে,আমি বাড়িতে বানিয়ে দেবো চল খাবি...আরে ব্যাগগুলো এলো না,আমরা প্লেনে চাপার পর যদি এখানেই পড়ে থাকে...তুমি টিকিটটা ধরো আমি জল খেয়ে আসি...বাথরুমে কলে জল পড়ছে না...ও টিপতে হয় না,শুধু হাত দিলেই পড়ে,অটোমেটিক, ইসস কত জল নষ্ট বল...এই টিকিটটা পাচ্ছি না...বলছি ব্যাগগুলো পাওয়া যাবে তো..."আমাদের আশে পাশের সব্বাই শুনতে পায় তাকায়...

আমি শুধু শুনি না....কারন প্লেনে চাপলে আমার কানে তালা লাগে

#লসাগু_গসাগু

কোন মন্তব্য নেই: