কার বাড়িতে শব উঠেছে, কেউ রয়েছে সেফটি মার্কে
কেউ খুঁজেছে আঁতিপাতি, সেতু তলায় আরো...আর কে!
চিতা কবর এক সারিতে, এক জমিতে সবাই শোওয়া
পিচের নিচে ঘুমন্ত সব,শার্ট সালোয়ার কিংবা খোয়াব
দোয়ার জন্য কলমা কোথাও,কেউ ঠেকেছে দুর্গাস্তবে
ঘোলা জলে মাছ উঠবেই, কেউ ভেবেছে হেডিং হবে,
অজুহাতও আসবে ঠিকই, কেউ দিয়েছে সাধ্যটুকু
কারো মাথায় আকাশ ভাঙে, কেউ গুনেছে শুধুই সেতু
ধুলো ধোঁয়া ধুপ ধুনোরা, কোন মেঘে হয় বৃষ্টিস্নাতা
কেউ গুনেছে ভুলের হিসেব, কেউ খুঁজেছে পরিত্রাতা
পথের নিচে রক্ত জমে, হিসেব জমে সব প্রানেরও
খোয়াব অনেক ভাঙলে দেখি,কান্না নামে আসমানেরও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন