বললে বিশ্বাস করবেন না,আমি ছেলেবেলায় বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ আদৌ শুনতাম না, ভালোই লাগত না...
এমন সময়ের কথা বলছি, যখন হোয়াটস্যাপে "শুভ মহালয়া" দেগে দেওয়ার হিড়িক পড়েনি,মাটির দুর্গা চোখে স্মৃতিতে এইসান ছেপে রাখা হত, যে ব্রেন ফর্মাট করলেও মিটবে না,তখনো "দুর্গার ছবি ওয়ালপেপার না করলে জাত যাবে" এই নীতি আসেনি, ওয়ালপেপার আর কোয়ান্টাম ফিজিক্স একই রকম দুর্বোধ্য ছিলো যে।
সেই সময় মহালয়ার আগের দিন পুরোনো ঢাউস রেডিওটা তাক থেকে নামিয়ে, নতুন ব্যাটারি পরিয়ে টেবিলের উপর রাখা হত,দাদুর ঘরে।শোওয়ার সময় ঠাকুমা বলত "তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো,কাল তো আবার চারটের সময় উঠতে হবে"।সারারাত ঘুম আসত কৈ, পটকার আওয়াজ আস্তে আস্তে দূর থেকে কাছে চলে আসত বর্গির মত।এলার্ম দেবার দরকার পড়ত না,মাঝে মাঝে ঘুম ভেঙে যেত আর ঘড়িতে দেখতাম, দেড়টা,দুটো,আড়াইটে...
ভোর চারটেয় ঘুম থেকে উঠেই পুরোনো ওয়েস্টার্ন টিভির ব্রাউন শাটার টা খুলে দিতাম, টিভিতে তখন ঝিলমিল, দাদু বলত, ওটা নয়, ওটা ৬টা থেকে, রেডিওটা চালাও।তখনই বাড়িতে ঢুকে পড়তেন সেই মানুষটি, যাকে আমার শুরুতে মনে হত, "দূর, কি বলছে, কিস্যু বুঝছি না,টিভিতে কখন শুরু হবে?", লম্বা লাল মেঝের বারান্দায় ক্যাপ ফাটাতে ফাটাতে বাবা, কাকা, যারা বিছানায় শুয়ে শুয়ে গোটা বাড়িতে ছেয়ে যাওয়া শব্দটায় কান পেতে বসে আছে,তাদের বিরক্ত করতাম...ইন্টারেস্ট পেতাম, যখন ওই অস্ত্রে দেবার সময় টা আসত,আর পাঠের শেষের দিকে মনে হত, ভদ্রলোক কি কেঁদে ফেললেন!!টিভিতে কখন দেবে বলোতো...!!!এবারে কি অসুর গুলো মেঘ থেকে আসবে না সমুদ্র থেকে??
অভ্যেস আর ম্যাচিওরিটি,বাংলা ফিল্মের পুলিশ এর মত, লেট করে আসে।আমার বোধটা লেটে এসেছিল,হয়তো ঐ সেভেন এইটে পড়তে।তারও অনেক অনেক বছর পর, রেডিওতে কাজ পেলাম, ঘটনাচক্রে শো এর শুরুর দিন...মহালয়া...মহিষাসুরমর্দিনীর পর আমার শো, সাতটা থেকে।টেনশানে ভোর চারটে নাগাদ পৌছে গেছিলাম স্টূডিওতে...ভোর থেকে ফাঁকা অফিসে আমি ও সেই কন্ঠস্বর...আপ্লুত করছিল, আবিষ্ট করছিল, গ্রাস করছিল চেতনাকে, যেভাবে অক্টোপাস পাকড়ে ধরে, যেভাবে অ্যানাকোন্ডা গিলে খায়...
টেনশানে ভদ্রলোককে আদৌ ভালো লাগছিলো না, বার বার মনে হচ্ছিল, দূর, এত ভালো শো কেউ করে...এর পরে কে আমাকে শুনবে!!!!
সকালে টিভি দেখার অভ্যেস আর নেই, সেই থেকে, মহালয়া তে একাই আসি, ভোর থেকে অফিসে...সর্বকালের সর্বসেরা জক কে একান্তে শুনতে...রেডিওর,শুধু রেডিও কেন,সব রকম মিডিয়ামের সর্বকালের সর্বশ্রেষ্ট শো কে,কুর্নিশ জানাতে...
আপনি যে কোনো পেশায় কাজ করতে পারেন...কিন্তু আমার অহংটা কে টপকাতে পারবেন না...আমি রেডিতে কাজ করি...যেখানে বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী হয়...
।। নীলাঞ্জন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন