সাম্রাজ্যবাদী আগ্রাসন যে বাড়ছে,ঘুমোতে যাবার সময় বিছানা দেখলে বুঝতে পারি...
এমনিতে আমাদের বাড়ির জনঘনত্ত্ব চিনের থেকে একটু বেশিই। তিনটে কামরা... থাকে ১০৫ জন।আমি,মা,বাবা দুই সন্তান আর সঙ্গে গিন্নি...উনি একাই একশো। মোট ১০৫। এ ছাড়া দেওয়ালে সঙ্গমরত টিকটিকি, দরজার কোনে মিছিল করা পিঁপড়ে, ওভেনের পিছনে ওয়ার্কএহোলিক আরশোলা,কাগজের র্যাকে প্লেবয় ইঁদুর,সব্বার নিজের নিজের স্থান পাকা...নিজের ফ্ল্যাটে নিজেকে দেখলে লালকুঠির ড্যানি মনে হয়...তোমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট নেই...সোফায় ফেলে দিলে আমায় সোফায় পড়ে রই...
কিডনি বেচে কেনা রকিং চেয়ার,তার তিনভাগে গিন্নির সালোয়ার,একভাগে আমার তশরীফ। অত অল্প যায়গায় এঁটে যাচ্ছে দেখে পারলে ঈশ্বর জুম কল করে প্রশ্ন করেন,"হ্যাঁ রে,ওইখানে মাংস তো আর দেবার দরকার দেখিনা"...ডাইনিং টেবলে মোবাইল,স্যানিটাইজার,চুল বাঁধার ক্লিপ তাই ভাতের থালা কোলে...ডাইনিং টেবলের চেয়ারে শুকনো তোলা কাপড় সেটা দেখে আপনি ফ্রিজের মাথায় বসতে চাইলে সে উপায় নেই,সেখানে ভাঙা ফটো ফ্রেম,চাবি,ইলেকট্রিক বিল, দাদুর দাঁত!!! দাদু মারা যাবার পর তার দাঁত যতখানি এরিয়া পাচ্ছেন ওইটে যুধিষ্ঠির পেলে সুতানুটি গোবিন্দপুর ইন্দ্রপ্রস্থ হয়ে যেত,কুরুক্ষেত্র হতো না। সোফাতে বই,জলের জগ,রিমোট... মোটমাট সর্বক্ষেত্রে ইউনিয়ন জ্যাক উড়ছে বন্ধু,সূচ্যগ্র স্কোয়ার ফিট বরাদ্দও নেই।
শেষ আশা ছিলো রাতের বিছানা,সেখানে অর্ধেক জুড়ে গিন্নি। বাকি অর্ধেকে আড়াআড়ি ভাবে আয়তক্ষেত্রের "কর্ণ" পোজে কন্যা ঘুমোচ্ছে...নিজেকে শিব ভেবে গিন্নির পায়ের কাছে সেঁধোতেই চমক!!! ইইইক বেড়াল ঢুকেছে বলে চেঁচাতে গিয়েই ধড়াম করে লাথি খেলেন। মাথার চারপাশে তারার বনবনানি দেখতে দেখতে ভাবলেন,আপনাদের বাড়িতে তো বেড়াল নেই,আবিষ্কার করলেন বিড়াল রুমাল না হয়ে গিয়ে আপনার ৪বছরের পুত্র হয়ে গ্যাছে...পায়ের কাছে কুন্ডলি পাকিয়ে ঘুমোতে ঘুমোতে লাথি ছুঁড়ছে...
শ্বশুরমশাই এর দেওয়া খাট,নিজের বলে দাবি করে অধিকারও ফলাতে পারবেন না। তাই নিজের কেনা এসির মায়া ছেড়ে রিমোটের উপর ঘুমোবার প্ল্যান করলেন। মানে সোফার উপর রিমোট,তার উপর আপনি,চাপে টিভি চালু হয়ে গেলো...বাবার চিৎকার,"ইলেকট্রিক বিল কত এসেছে খেয়াল আছে"...আপনারই টাকা,আপনিই আপনার নিজের মোবাইলের ডেটা খরচ করে পে করেছেন...তাতেও অন্যে খোঁটা দেয়...
যাই হোক,বাবা আপাতত চালু করা টিভিতে জংলী দেখছে,আমি কমোডের উপর বসে,তোয়ালে ঝোলানোর হ্যান্ডেল ধরে ঘুমোনো প্র্যাকটিস করছি...কোনো সহৃদয় ডেলি প্যাসেঞ্জার থাকলে বসে ঘুমোনোর টিউটোরিয়াল এর লিংক দেবেন প্লিজ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন