মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

আজকে সবাই কবি

নানা পাটেকর থাকলে কইতেন,এক বৃষ্টি,এক বৃষ্টি পাবলিক কা অ্যালজাইমার্স লাতা হ্যায়...
অতঃপর দু দিনের বৃষ্টি সব ভুলিয়ে দিলো, বৃষ্টি পড়তে না পড়তেই অর্নবের সচীনকে দেশদ্রোহী বলা ভুলে গেলাম, কাশ্মীরে অ্যাটাক ভুলে গেলাম, সিধু কে আর মনে পড়ল না,  অনীকবাবুর ভুতেদের বিস্মৃত হলাম,বিরোধীদের ব্রিগেড,ডিমভাত, কৃষকদের সাহায্য,সব এমন করে ভুললাম, যেন আমরা মুকুল,ও এগুলো সোনার কেল্লা,গতজন্মের কেস। হাজরা বাবু টর্চলাইট না ঘোরালে মনেই পড়বে না। তাছাড়া, কালকে যিনি খাদ্যমন্ত্রী আজ সে দ্যাখেন ছবি,কালকে যিনি পোস্টে বিপ্লব,আজকে তিনি কবি।
তাই বৃষ্টি পড়তে না পড়তেই পাবলিক ফিলিং লোনলি,উইথ ৪২ আদার্স। কালকেই যিনি ইয়াব্বড় পোস্ট দিয়ে যাস্ট পুলওয়ামা তে আঁশবঁটি নিয়ে ছুটলেন বলে,নেহাত ট্রেন মিস হলো তাই কাপড় কাচতে বসলেন,আজকে বৃষ্টি হয়েছে দেখেই...তিনি কালিদাসের মেজপিসি। গগনে গরজে মেঘ, ঘরে রাগী বাপ/মান্থ এন্ড টার্গেট,বসেদের চাপ। তাই দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে, আজ অফিস যাবোনা ডে, ভিডিও চ্যাট যাবে জমে। ইত্যাদি পোস্টের ষাঁড়াষাড়ি বান।  তাই সব্বার জীবনের একটাই থিম তুমি আসবে বলেই আকাশ মেঘলা,রেনকোট বের সদ্য, তুমি আসবে বলেই সব ভুলেছি,আজকে লিখবো পদ্য।
কালকের রগরগে পোস্টে যারা আগুন ছড়াচ্ছিলেন,তারা একটু থমকে গেলেন।মানে স্যার পাকিস্তানের রেলমন্ত্রী আবার স্টেটমেন্ট দিয়েছে, ভারতের সবকিছু নাকি সুদসহ ফেরত দেবে,কিছু বলবেন না স্যার??স্যার কালকে তো মহাভাগে নিয়ে বললেন, আজকে দুর্দান্ত স্কিম দিয়েছে সরকার চাষীদের প্রশংসা করবেন না স্যার??কালকে সৌমিত্রবাবুর বক্তব্য টা অর্ধেক শুনে রেখেদিলেন তো,বাকিটা??? দূর,আমরা পড়তে বসে রিভাইস করতাম না,এ তো ফেসবুক। আজকে বৃষ্টি নিয়ে না লিখলে লাইক আসবেই না। সবার উপরে লাইক সত্য তাহার উপরে নাই। আরে বাবা সবাই যা করছে অর্থাৎ যা ট্রেন্ডিং তাই কপচাতে হয়,নইলে পিছিয়ে পড়তে হয়।
তাই,কিছু ভুলেছো তুমি,আমিও গেছি ভুলে। আমরা দেশপ্রেমী নই,আমরা বিপ্লবী নই,আমরা সমাজ সংস্কারক নই,সরকারের পক্ষে বিপক্ষে সেকুলার পার্পেন্ডিকুলার কিস্যু নই। আমরা প্রোফাইল। আমরা লাইকপন্থী। সমাজ এগোলে নয়,পোস্ট এগোলে,ছড়ালে শেয়ার হলেই আমরা খুশি। তাই আপনার কেরিয়ারের মতই ছড়িয়ে যান...মানে পোস্ট...ফাসবুকে...

কোন মন্তব্য নেই: